
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে বগুড়ার শেরপুর পৌরসভায় ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পৌর কার্যালয় থেকে কিচেন মার্কেট ও বিকাল বাজার এলাকার ড্রেন ও সড়ক পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রমও পরিচালিত হচ্ছে। পাশাপাশি প্রতিটি সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানিয়েছে পৌর প্রশাসন।
পৌর কর্তৃপক্ষ জানায়, শহরের অনেক ড্রেনে প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য জমে পানি চলাচলে বাধা সৃষ্টি করছে। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এই সমস্যা সমাধানে পর্যায়ক্রমে পৌর এলাকার সব ড্রেন পরিষ্কার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এদিকে পৌরবাসীর প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রশাসন বলছে, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং বিশেষ করে ড্রেনে প্লাস্টিকজাত বর্জ্য না ফেলতে হবে। এতে ড্রেন সচল থাকবে এবং জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু বলেন, পৌরসভার কিছু সীমাবদ্ধতা থাকলেও নাগরিকদের সহযোগিতা পেলে এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব। পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


