
ঝিনাইদহে উন্নয়নের দাবিতে জনতার ঢল: বিশাল র্যালি ও সমাবেশে জোরালো বার্তা
“ঝিনাইদহের উন্নয়নে আমরা সবাই একসাথে”এই স্লোগানকে সামনে রেখে, ঝিনাইদহ উন্নয়ন সমন্বয় সংগ্রাম পরিষদের উদ্যোগে, ঝিনাইদহে উন্নয়নের দাবিতে নজিরবিহীন জনসমাগমে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ। শনিবার সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ সমাবেশ।
র্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা। “উন্নয়ন চাই, অবহেলা নয়”—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
সমাবেশে বক্তারা ঝিনাইদহের দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, স্বাধীনতার পর এত বছর পার হলেও জেলাটিতে দৃশ্যমান কোনো বড় উন্নয়ন হয়নি। সম্ভাবনাময় জেলা হওয়া সত্ত্বেও কেন বারবার ঝিনাইদহ পিছিয়ে থাকবে—এ প্রশ্ন তুলেন তারা।
বক্তারা জোরালোভাবে যে দাবিগুলো তুলে ধরেন, সেগুলোর মধ্যে রয়েছে—ঝিনাইদহে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন, রেললাইন চালু, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আধুনিক শিশু পার্ক নির্মাণ এবং “ক্লিন ঝিনাইদহ” কার্যক্রম দ্রুত বাস্তবায়ন।
ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি এম এ কবীর, আব্দুল সবুর, মোঃ আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মুন্না, প্রচার সম্পাদক আল-মিরাজ, সাংস্কৃতিক সম্পাদক ইনজামুল হকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ঝিনাইদহ জেলার সার্বিক উন্নয়নের জন্য এসব দাবি এখন সময়ের সবচেয়ে বড় দাবি। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হলেও, উপস্থিত জনতার কণ্ঠে ছিল একটাই বার্তা—
“এবার আর নয় অবহেলা, উন্নয়ন চাই ঝিনাইদহের প্রতিটি ক্ষেত্রে ।”


