
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু সেই মৃত্যু যখন মিছিল করে আসে, তখন স্তব্ধ হয়ে যায় প্রকৃতি, নির্বাক হয়ে পড়ে মানুষ। বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রাম গত ১২ ঘণ্টায় তেমনই এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।
মাত্র অর্ধদিনের ব্যবধানে গ্রামের চারজন প্রবীণ মানুষ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। এভাবে একের পর এক তাদের বিদায়ে পুরো গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে এই চারজনের মৃত্যু ঘটে। একজনের মৃত্যুতে শোকাহত পরিবার যখনও সামলে উঠতে পারেনি, ঠিক তখনই আসে আরেকজনের মৃত্যুসংবাদ। এভাবে ধারাবাহিকভাবে চারজন অভিভাবককে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে মদনপুরবাসী।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গ্রামজুড়ে সৃষ্টি হয় এক হৃদয়বিদারক দৃশ্য। একই দিনে, একই গ্রামের চারজন মানুষের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। এমন দৃশ্য দেখে উপস্থিত মানুষের চোখে পানি ধরে রাখা সম্ভব হয়নি।
গ্রামের প্রবীণরা জানান, এত অল্প সময়ের ব্যবধানে একই গ্রামে চারজনের মৃত্যু বিরল ঘটনা। তারা বলেন, “মৃত্যু আল্লাহর বিধান- কখন কার ডাক আসবে কেউ জানে না। তবে একসাথে চারজনকে হারানো আমাদের গ্রামের জন্য অপূরণীয় ক্ষতি।”
বর্তমানে মদনপুর গ্রামের প্রতিটি অলিগলি নিস্তব্ধ। যেসব মানুষ গতকালও সবার সাথে হাসি-আনন্দে ছিলেন, আজ তারা চিরনিদ্রায় শায়িত। তাদের এই আকস্মিক বিদায়ে শুধু পরিবার নয়, পুরো মির্জাপুর ইউনিয়ন জুড়ে নেমে এসেছে শোকের কালো ছায়া।
মৃত্যু অবধারিত, তবুও এমন সম্মিলিত বিদায় মদনপুরবাসীর হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। মহান আল্লাহ তায়ালা মরহুমদের জান্নাতুল ফেরদাউস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি ধৈর্য ধারণের তাওফিক দান করুন।


