শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ এবং সুস্থ সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে বগুড়ায় শিশু অধিকার দিবস, বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০ অক্টোবর) বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বগুড়া জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বগুড়া জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সোহেল রানা।আয়োজনে শিশুদের অধিকার, নিরাপদ শৈশব এবং তাদের মেধা ও মনন বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিশুদের পরিবেশনায় বিভিন্ন পরিবেশনা উপস্থাপিত হয়।
আয়োজকদের এ উদ্যোগ শিশুদের মধ্যে অধিকার সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।