বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) নামাজ শেষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটির কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও ৪১-বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগ, বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোঃ আল মামুন হক, ইসলামিক ফাউন্ডেশন, বগুড়ার উপপরিচালক শাফিউজ্জামান, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ হামিদুল হক চৌধুরী হিরু এবং বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এইচ এম মাফতুন আহমেদ খান রুবেল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াজেদ।নতুন এই মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রকে ঘিরে স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ধর্মীয় ইবাদতের পাশাপাশি ইসলামিক জ্ঞানচর্চা, নৈতিক শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি সমাজে পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ জোরদার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ ধরনের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, সাংবাদিক এবং এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন।