
কে এম শাহীনুর রহমান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছ কাটার ঘটনায় জমি ও রাস্তার সীমানা সরেজমিনে মাপজোকে বেশ কিছু গাছ এবং গাছের অংশ সরকারি রাস্তার জায়গায় পড়েছে বলে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নির্দেশে স্থানীয় কৃষ্ণকাটি এলাকায় যান উপজেলা সার্ভেয়ার মিরাজ হোসেন। সেখানে উপস্থিত হয়ে তিনি বিতর্কিত রাস্তা ও সংলগ্ন জমির সূক্ষ্ম মাপজোক পরিচালনা করেন।স্থানীয় সূত্র জানায়, কৃষ্ণকাটি দাসপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা মান্নান শেখের বিরুদ্ধে সম্প্রতি রাস্তার পাশের প্রায় ২৫টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে।ঘটনাটি উপজেলা প্রশাসনের নজরে এলে নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে দ্রুত গাছ কাটা বন্ধ করে দেওয়া হয় এবং ইতোমধ্যে কেটে ফেলা গাছগুলো জব্দ করে পুলিশি জিম্মায় রাখা হয়।
উপজেলা সার্ভেয়ার মিরাজ হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের মৌখিক নির্দেশে আমরা বিতর্কিত রাস্তা ও পার্শ্ববর্তী জমির সীমানা মেপে দেখেছি। জমির মাপজোপ শেষে অধিকাংশ গাছ সরকারী রাস্তার উপর পড়েছে। আমরা প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে জমা দিব। পরবর্তীতে যে নির্দেশনা আসবে, সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, সীমানা নির্ধারণের চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ও সরকারি জায়গায় অবস্থিত গাছগুলোর বিষয়ে সরকারি বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে


