‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁয় বিএনপি’র গৌরবোউজ্জ্বল ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (০১সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপি’র উদ্যোগে শহরের নওজোয়ান মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেডির মোড় বিএনপি’র দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ও জাতীয় পতাকা হাতে বিভিন্ন স্লোগান দেন।শোভাযাত্র ও আলোচানা সভায় জেলা বিএনপি’র সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মেয়র নজমুল হক সনি, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদকখাইরুল আলম গোল্ডেন, নূর ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, সদর উপজেলা বিএনপি’র সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ হাসান লিপ্ত, পৌর বিএনপি’র সভাপতি ডাঃ মিজানুর রহমান, জিয়া ব্রিগেডের আহবায়ক মোঃ আসাদুজ্জামান সিদ্দিকী টিপুসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও দেশের সার্বিক উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। মানুষের সুখ-দুঃখে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ‘করবো কাজ, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে বুকে ধারণ করে আমাদের তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে আসতে হবে। নওগাঁর প্রতিটি ঘরে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।