
আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুলে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ১২ রবিউল আউয়াল ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৬ আগষ্ট) সকাল সাড়ে ১১টার সময় বিদ্যালয়ে পক্ষ হতে আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ। এসময় তিনি তার বক্তব্যে বলেন,
মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও কর্মে মানবতা, সাম্য, ন্যায়বিচার, সহনশীলতা ও শান্তির অনন্য শিক্ষা রয়েছে। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলে চলবে না; তাদের নৈতিকতা, শিষ্টাচার ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করতে পারলে শিক্ষার্থীরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে এবং সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।


