বগুড়ার ধুনটে ক্ষ্যাপা শেয়ালের আক্রমণে নারী ও শিশুসহ পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। আহতরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।আহতরা হলেন – ধুনট পৌরসভার সদরপাড়া এলাকার নুরুল ইসলাম (৬৫), জিঞ্জিরতলা এলাকার শিশু সিয়াম (৪) ও নাসিমা (৬০), ধুনট সদর ইউনিয়নের পেচিবাড়ী গ্রামের রোহান (৭) এবং রিয়াজুল (৩)।আহতদের স্বজনেরা জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে নুরুল ইসলাম নিজ জমিতে ঘাস কাটতে গেলে হঠাৎ একটি ক্ষ্যাপা শেয়াল তার ওপর হামলা চালিয়ে কামড়ে দেয়।জিঞ্জিরতলা এলাকায় বাড়ির বাইরে খেলাধুলার সময় শিশু সিয়াম শেয়ালের আক্রমণের শিকার হয়। এ সময় তাকে রক্ষা করতে নাসিমা এগিয়ে এসে শেয়ালটি তাড়ানোর চেষ্টা করলে সেটি তার ওপরও হামলা চালিয়ে কামড়ে দেয়।অন্যদিকে, পেচিবাড়ী গ্রামে বাড়ির আশপাশে খেলাধুলার সময় রোহান ও রিয়াজুল শেয়ালের আক্রমণের শিকার হয়।পরে স্বজনেরা আহতদের দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাদের চিকিৎসা দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এস এম সুমনুল হক বলেন, শেয়ালের কামড়ে আহত রোগীদের জন্য পর্যাপ্ত জলাতঙ্কের টিকা রয়েছে। স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে নিয়মিত জলাতঙ্ক বিষয়ে জনসচেতনতা তৈরি করা হচ্ছে।তিনি বলেন, কোনো প্রাণীর কামড়ের শিকার হলে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় টিকা ও চিকিৎসা নিতে হবে।