
মস্ত মিয়া,,প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া শহরের টান বাজারে অভিযান চালিয়ে প্রায় পৌনে এক কোটি টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও রিং জাল জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বাজারের একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দের পাশাপাশি জালের মজুদদার একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে জব্দ করা চায়না দুয়ারি ও রিং জাল ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দ বাজার সংলগ্ন তিতাস নদীর তীরে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিষিদ্ধ এসব জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মৎস্য সম্পদ রক্ষা এবং নদ-নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের এমন অভিযানকে মৎস্য সম্পদ সংরক্ষণ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


