
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের সফল সমাপ্তিতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ধনঞ্জয় কুমার রায়কে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ধনঞ্জয় কুমার রায় নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দীর্ঘ ৩৩ বছর শিক্ষার্থীদের পাঠদান করেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও আদর্শ আগামী প্রজন্মের শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক ধনঞ্জয় কুমার রায়ের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পরে আবেগঘন পরিবেশে সহকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষকরা ধনঞ্জয় কুমার রায়কে মাইক্রোবাসে করে তাঁর নিজ বাড়িতে পৌঁছে দেন। দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বিদ্যালয় পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করেন।


