আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অসহায় পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা জামায়াতের আমির ইকবাল হোসেন ভূঁইয়া এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মো. আতাউর রহমান সরকার।
প্রধান অতিথির বক্তব্যে মো. আতাউর রহমান সরকার বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে মানুষের স্বাবলম্বিতা নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য।”
তিনি অভিযোগ করে বলেন, কসবা-আখাউড়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত সরকারি অর্থের যথাযথ স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে না। বিশেষ করে খাল খনন কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে তিনি দাবি করেন।
এছাড়া তিনি আখাউড়া থেকে কসবা সড়কের বেহাল অবস্থার কথা তুলে ধরে দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান।
মাদকবিরোধী বক্তব্যে তিনি বলেন, “আখাউড়া ও কসবা সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদকের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। যুবসমাজকে রক্ষা করতে মাদকের আস্তানা বন্ধ করতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে। সরকারে না থেকেও নিজেদের সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে।”
উপজেলা জামায়াতের আমীর সভাপতির বক্তব্যে বলেন, “জামায়াতে ইসলামী মানুষের কল্যাণের রাজনীতি করে। ব্যক্তিগত বা দলীয় স্বার্থ নয়, জনগণের সেবাই আমাদের মূল লক্ষ্য। অতীতের মতো ভবিষ্যতেও আমরা মানুষের পাশে থাকব।”
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. সানাউল্লাহ,পৌরসভা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি আ.রহমান কাশগরী, উপজেলা যুব বিভাগের সভাপতি বেলায়েত হোসেন নয়ন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এবিএম সাদেক, কসবা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান মোল্লা, আখাউড়া উপজেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক মাহমুদুর রহমান হামিম, কসবা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি বাদল হোসাইন, কসবা উপজেলা ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি জুনায়েদ হোসেন ইকরামসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীবৃন্দ।
৮জন সুবিধা বঞ্চিত নারীর মাঝে আতাউর রহমান সরকার সেলাই মেশিন বিতরণ করেন।