
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় নজরুল ইসলাম (৬০) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবার। শনিবার (২৫ জুলাই ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাহাদুর আলী খানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন সময়ে চিকিৎসা গ্রহণের পর তার অবস্থার কিছুটা উন্নতি হলেও মাঝেমধ্যে তিনি স্বজনদের সঙ্গে অস্বাভাবিক আচরণ করতেন। সম্প্রতি তার মানসিক অবস্থার অবনতি হলে কয়েক দফা বাড়ি থেকে বেরিয়ে যান। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে বাড়িতে ফিরিয়ে আনেন।
স্বজনরা জানান, শুক্রবার তিনি পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে সময় কাটান এবং রাতে একমাত্র ছেলের সঙ্গে একই বিছানায় ঘুমান। শনিবার ভোরে তার স্ত্রী কৃষিকাজের জন্য শ্রমিক ডাকার উদ্দেশ্যে তাকে খুঁজতে গিয়ে বাড়ির বারান্দার তীরের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে ছেলে ও আশপাশের লোকজন ছুটে এসে তাকে নিচে নামান। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, আত্মহত্যাকারীর পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিবারের দাবি, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং সেই কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন।


