
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
ভাষার শুদ্ধ উচ্চারণ, প্রাঞ্জল বাচনভঙ্গি, আবৃত্তির নন্দনতত্ত্ব এবং উপস্থাপনা দক্ষতা বিকাশের লক্ষ্যে বগুড়ায় বাচিক শিল্প বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বক্তারা বলেন, ভাষার সৌন্দর্য, সঠিক উচ্চারণ এবং সাংস্কৃতিক চর্চা ব্যক্তি ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন সময়োপযোগী ও প্রয়োজনীয়।
শনিবার বগুড়া শহরের জলেশ্বরীতলা বাতায়ন পাঠাগারে সাংস্কৃতিক সংগঠন বোধিদ্রুম-এর উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের কণ্ঠস্বরের যথাযথ ব্যবহার, উচ্চারণের শুদ্ধতা, আবৃত্তির নন্দনতত্ত্ব, বাচিক অভিব্যক্তি এবং উপস্থাপনার বিভিন্ন কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট বাচিকশিল্পী শাহানূর শাহীন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বি. কে. সরকার লালন, ছড়াকার আমির খসরু সেলিম এবং বগুড়া জেলা কবিতা মঞ্চের সভাপতি ফাতিমা ইয়াছমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মামুনুর রশিদ।
কর্মশালায় অংশগ্রহণ করেন খায়রুল সাকিব, জেমি আক্তার, হাফিজুল ইসলাম, নাজমুল আকাশ, মাসুম আহমেদ, নাজমুল হক, তোহফা, ময়নুল ইসলাম ও সাজ্জাদ সৈকতসহ বিভিন্ন বয়সী সংস্কৃতিপ্রেমী ও শিক্ষার্থীরা। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, ভাষা ও সাহিত্যচর্চার পাশাপাশি আত্মপ্রকাশ, জনসমক্ষে বক্তব্য প্রদান, উপস্থাপনা এবং সৃজনশীল যোগাযোগ দক্ষতা উন্নয়নে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও তরুণ প্রজন্মের ভাষা, সংস্কৃতি ও সৃজনশীল বিকাশে ধারাবাহিকভাবে এমন দায়িত্বশীল ও মানসম্মত কর্মসূচির আয়োজন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


