
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় তালিমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হাজী সমাবেশ ও পবিত্র কুরআন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকালে বগুড়া মহানগরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার হাজী, আলেম-উলামা, শিক্ষাবিদ ও সুধীজন অংশগ্রহণ করেন।
তালিমুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম বেগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বগুড়া মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আব্দুল লতিফ, আলহাজ্ব ডা. আব্দুল মান্নান, আলহাজ্ব মুকুল হোসেন, অধ্যক্ষ মাওলানা মোস্তফা আল মাদানী এবং অধ্যক্ষ আব্দুল মান্নান। এছাড়াও বক্তব্য দেন মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, আজিজুল হক, মাওলানা হেদায়তুল ইসলাম, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, অধ্যক্ষ ইকবাল হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শুধু পবিত্র কুরআন তেলাওয়াত করলেই দায়িত্ব শেষ হয় না; কুরআনের শিক্ষা অনুধাবন করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে তা বাস্তবায়ন করতে হবে। কুরআনের আদর্শ অনুসরণ করেই প্রকৃত শান্তি, ন্যায়ভিত্তিক সমাজ এবং পরকালীন মুক্তি অর্জন সম্ভব।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ের নৈতিক অবক্ষয় ও সামাজিক সংকট মোকাবিলায় কুরআনের শিক্ষা সর্বাধিক কার্যকর পথনির্দেশনা। নতুন প্রজন্মকে কুরআনের আলোয় গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি উপস্থিত হাজীদের মাঝে পবিত্র কুরআনের কপি বিতরণ করেন। এ সময় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


