
হাবিবুর রহমান,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
এক সময় করতেন আ স ম আব্দুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। পরে মেজর আবদুল (অব.) মান্নানের বিকল্পধারা বাংলাদেশ শেষ করে যোগ দেন আওয়ামী লীগে। হয়ে যান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন মিলন মিয়া। দীর্ঘদিন ধরে দলটির গুরুত্বপূর্ণ পদে থেকে ইউপি নির্বাচনে অংশ নেন তিনি।
এর পর সামনে আসে ৫ আগস্ট গনঅভ্যুত্থান। কিছুদিন আত্মগোপনে থাকার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ এবার প্রকাশ্যে এসে যোগ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। বুধবার (৮ জুলাই) বিকেল ৫ টার দিকে অনেকটা ঢাকঢোল পিটিয়ে জামায়াতে ইসলামীতে যোগদেন এ আ.লীগ নেতা। উপজেলার হাজিরহাট হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অফিস কক্ষে ওই মাদরাসার অধ্যক্ষ ও জামায়াত নেতাদের উপস্থিতিতে সদস্য ফরম পূরণ করেন তিনি।
হাজিরহাট ইউনিয়ন আ.লীগের সভাপতি আক্তার হোসেন মিলন মিয়া মাদরাসার অফিস কক্ষে প্রকাশ্যে জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তোলপাড় শুরু হয়। চলছে পক্ষে-বিপক্ষে আলোচনা ও সমালোচনা। একটি শিক্ষা প্রতিষ্ঠানের অফিসে অধ্যক্ষের উপস্থিতিতে রাজনৈতিক দলের কর্মকাণ্ড ও প্রকাশ্যে যোগদান অনুষ্ঠান করা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন-কমলনগর উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা হুমায়ুন কবির, বিশিষ্ট আলেম মাওলানা যায়েদ হোসাইন আল ফারুকী, হাজিরহাট হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন ও ফজুমিয়ারহাট মাতাব্বর নগর দারুচ্ছুনাত আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এ ব্যাপারে জামায়াতে যোগদান করা আ.লীগ নেতা আক্তার হোসেন মিলন বলেন, আমি যখন আ. লীগে ছিলাম, তখন তারা আমাকে জামায়াত ট্যাগ দিয়ে মাঠে দাঁড়াতে দেয়নি। এখন আমি জামায়াতে যোগ দিয়েছি। আপনাদের সহযোগিতা নিয়ে মানুষের জন্য কাজ করতে চাই।
তবে মাদরাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন বলেন, মাদরাসার অফিসে একটি দোয়ার অনুষ্ঠান চলছিল। সেখানে জামায়াত নেতারা উপস্থিত ছিলেন। হঠাৎ মিলন মিয়া সেখানে উপস্থিত হয়ে জামায়াত নেতাদের উপস্থিতিতে দলে যোগদান করেন।
হাবিবুর রহমান
লক্ষীপুর প্রতিনিধিঃ


