মোঃ ইব্রাহিম খন্দকার,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে পরিবার পরিকল্পনা, গ্রাম আদালত, পরিবেশ রক্ষা, মাদক ও বাল্যবিবাহ নিরোধে ব্যাপক সচেতনতা তৈরির লক্ষ্যে এক ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া ঈদগাঁহ মাঠে উপজেলা প্রশাসন ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আখন্দ (ফারুক)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম।
উঠান বৈঠকে বক্তারা একটি সুস্থ, মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গঠনে নানামুখী সামাজিক সমস্যার সমাধান ও সচেতনতার ওপর জোর দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম বলেন:
”বাল্যবিবাহ কেবল একটি মেয়ের জীবন ধ্বংস করে না, বরং একটি সমাজকে পিছিয়ে দেয়। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।”
তিনি তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং ইতিবাচক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আবু তাহের মোঃ সানাউল্লাহ নূরী এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।
বক্তারা বলেন, সুস্থ ও সমৃদ্ধ পরিবার গঠনে পরিবার পরিকল্পনার কোনো বিকল্প নেই। এছাড়া গ্রামীণ এলাকার ছোটখাটো বিরোধ ও মামলা-মোকাদ্দমা দ্রুত এবং স্বল্প খরচে নিষ্পত্তিতে ‘গ্রাম আদালত’ যে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে, তা সাধারণ মানুষের মাঝে আরও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে পরিবেশ রক্ষায় উপস্থিত সবার মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন:
উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ
জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ
এছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, যুব ও শিক্ষক প্রতিনিধি, জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার সর্বস্তরের নারী-পুরুষ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা এই সচেতনতামূলক উঠান বৈঠকে অংশ নেন।