
মোঃ মামুনুর রশীদ,,মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার হাজরাকাটি বেলতলা এলাকায় অবস্থিত মেসার্স নিউ ব্রিকস নামে একটি ইটভাটার বিরুদ্ধে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার অভিযোগের সত্যতা পাওয়ায় ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়।
নির্ধারিত সময়ের মধ্যে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশনের কপি দাখিল করতে ব্যর্থ হলে ভাটাটির বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, হাজরাকাটি এলাকাবাসীর পক্ষে রিয়াদুল ইসলামের লিখিত অভিযোগের ভিত্তিতে গত ৩০ জুন ভাটাটি সরেজমিন পরিদর্শন করা হয়। পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং ভাটাটির অবস্থান প্রচলিত আইন অনুযায়ী অনুমোদনযোগ্য নয় বলে প্রতীয়মান হয়।
পরিদর্শনের সময় ভাটা কর্তৃপক্ষ জানায়, পূর্বের রিটের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। তবে দাবির পক্ষে কোনো নথিপত্র তারা প্রদর্শন করতে পারেনি।
এ অবস্থায় ৭ জুলাই জারি করা নোটিশে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান পত্র জারির সাত দিনের মধ্যে রিট পিটিশনের কপি দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেন। অন্যথায় কোনো রিট পিটিশন নেই বলে ধরে নিয়ে অবৈধ ইটভাটাটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোটিশে আরও বলা হয়েছে, ভাটাটির অবস্থান আইন অনুযায়ী গ্রহণযোগ্য না হওয়ায় আগামী মৌসুমে মাটি সংগ্রহ, ইট প্রস্তুত ও ইট পোড়ানোর সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। নির্দেশ অমান্য করলে ভাটাটি উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের নোটিশের অনুলিপি জেলা প্রশাসক, মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।


