
মুশফিকুর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরপাড়ে অরক্ষিত বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে মামুন বিশ্বাস (২৮) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। ঘাস কাটতে গিয়ে অসাবধানতাবশত লাইনের সংস্পর্শে এলে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মামুন বিশ্বাস ঘটনার সময় বাড়ির পাশের একটি পুকুরপাড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। সেখানে আগে থেকেই একটি বিদ্যুৎ লাইন অরক্ষিত অবস্থায় ছিল। ঘাস কাটার একপর্যায়ে তিনি ওই লাইনের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে গুরুতর জগত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করার চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যুবকের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অরক্ষিত বিদ্যুৎ লাইনের বিষয়ে কোনো অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে মামুনের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অবিলম্বে গ্রামীণ এলাকার এমন বিপজ্জনক ও অরক্ষিত বিদ্যুৎ লাইনগুলো সংস্কার করার দাবি জানিয়েছেন।


