শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ-সবল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. হিরণ সরকার নিজস্ব অর্থায়নে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি এবং গোপালপুর নূরানী হাফিজিয়া মাদ্রাসায় একটি ফুটবল শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কল্পনা রানী, শেরপুর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান মাস্টার, খানপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এসআই আমিরুল ইসলাম, এএসআই উত্তম কুমার, সহকারী শিক্ষক জিয়াউর রহমান (জিয়া), সাংবাদিক রাশেদুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় মো. হিরণ সরকার বলেন, “শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে মাদক, কিশোর অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে তাদের খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করা জরুরি। শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা একটি মানবিক, শৃঙ্খলাবোধসম্পন্ন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও শিক্ষা ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে আমার ব্যক্তিগত সহযোগিতা অব্যাহত থাকবে।”
ফুটবল পেয়ে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। তারা এ উদ্যোগের জন্য মো. হিরণ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় সচেতন মহলও এ ধরনের সামাজিক উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।