
মোঃ নুরুদ্দিন ,ভোলা প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় পরিবেশ-প্রকৃতিকে দূষণমুক্ত রাখা এবং পাটের হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে পাটের ব্যাগ বিতরণ করেন শ্রমিক আবদুল মালেক।
শুক্রবার (৫ জুন) আয়োজিত এ কর্মসূচিতে নিজ উদ্যোগে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করা পরিবেশকর্মী ও শ্রমিক আবদুল মালেকের প্রচেষ্টায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার মাঝে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্য ব্যবহারের আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন দ্বীপাঞ্চল বার্তার সম্পাদক জে আই সবুজ, শ্রমিক ও পরিবেশ সচেতন কর্মী আবদুল মালেক, পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ, যুব ঐক্য মানবতা সংস্থার পরিচালক নওয়াব মজুমদারসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জে আই সবুজ বলেন, আবদুল মালেকের জীবন সংগ্রামের। শৈশব থেকেই টিকে থাকার জন্য তাঁকে নানা প্রতিকূলতার মোকাবিলা করতে হয়েছে। সেই জীবনসংগ্রামের পাশাপাশি তিনি এখন পরিবেশ-প্রকৃতিকে দূষণ থেকে রক্ষা এবং পাটের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য কাজ করছেন। সম্পূর্ণ নিজ উদ্যোগে জনসচেতনতা তৈরিতে তাঁর এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।
আবদুল মালেক বলেন, তিনি একজন চুক্তিভিত্তিক শ্রমিক। শ্রমিক অধিকার ও পরিবেশ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে অতীতে একটি প্রতিষ্ঠানের চাকরি হারিয়েছেন। বর্তমানে চুক্তিভিত্তিকভাবে একটি কারখানায় কাজ করছেন। সীমিত আয়ের মধ্যেও পরিবেশ রক্ষা এবং পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে তিনি সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, প্লাস্টিক ও পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশ রক্ষা করতে হলে আমাদের পাটের ব্যাগ ও অন্যান্য পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়াতে হবে। পাট আমাদের ঐতিহ্য, এর ব্যবহার বৃদ্ধি পেলে পরিবেশ যেমন উপকৃত হবে, তেমনি দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।
নেওয়াজ শরীফ বলেন, বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরতে এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে একটি দূষণমুক্ত, সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


