
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া-ঢাকা মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার শিশুকন্যা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী। সোমবার (২৫ মে ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া থেকে ঢাকাগামী লেনে পর্যটন মোটেলের বিপরীত পাশে বনানী এলাকায় একটি অজ্ঞাতনামা দ্রুতগতির গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মহিমাগঞ্জ ও রংপুরে কর্মরত ব্র্যাক এনজিও’র সিও মোঃ আনিসুর রহমান (৩৫) এবং তার চার বছর বয়সী কন্যা আয়েশা নিহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত হন আনিসুর রহমানের স্ত্রী মোছাঃ পুষ্পা আক্তার। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত আনিসুর রহমান পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের মোঃ এরশাদ আলীর ছেলে।
ঘটনার পর হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাতনামা গাড়িটিকে শনাক্তে কাজ করছে পুলিশ। স্থানীয়দের মাঝে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।


