
এস এ বিপ্লব, নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁ সদর আসনের সাংসদ জাহিদুল ইসলাম ধলু বলেছেন, শুধু পুঁথিগত শিক্ষাই যথেষ্ট নয়; একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
সোমবার (১১ মে) বিকেলে নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করার ওপর গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র সহধর্মিণী হোসনে আরা পঞ্চ সহ নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, নওগাঁ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এস. এম. ওয়াজেদ আলী, জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পিপি রেজাউল করিম ঝন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব দুলু, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


