ফরিদপুর (মধুখালি, বোয়ালমারী, আলফাডাঙ্গা) অঞ্চলের কৃষি ও পরিবেশগত উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দেশ ব্যাপী নদী-নালা-খাল, জলাধর খনন ও পুন:খনন কর্মসূচীর অংশ হিসেবে জেলার বোয়ালমারী উপজেলার লংকারচর ও গুলিরচর মধুমতী নদী থেকে কান্দাকুল হয়ে বারাশিয়া নদী পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১০ই মে) এক অনুষ্ঠানের মাধ্যমে এই খনন কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। দীর্ঘ প্রতীক্ষিত এই খালটি খননের ফলে অত্র এলাকার জলাবদ্ধতা নিরসন এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধার ব্যাপক উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “জলাশয় ও খাল পুনরুদ্ধার বর্তমান সরকারের অগ্রাধিকার। এই খালটি খনন করা হলে এলাকার কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।” প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, খাল খনন কাজের বাজেট এলাকার মানুষের সামনে উন্মুক্ত করতে হবে। চুপিসারে কোনো কাজ করা যাবে না। কোনো রকম দূর্নীতি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-০১ আসন থেকে জামায়াত মনোনীত নির্বাচিত সংসদ সদস্য ড. মোঃ ইলিয়াস মোল্লা। তিনি বলেন, দেশের উন্নয়নে দল বিবেচ্চ বিষয় হবে না বলে আমি সংসদে দেখতে পাচ্ছি। সবাই মিলেমিশে দেশের উন্নয়ন করা হবে।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব খন্দকার নাসিরুল ইসলাম। তিনি এই উদ্যোগের প্রশংসা করে প্রকল্পটির দ্রুত ও মানসম্মত বাস্তবায়ন কামনা করেন। তিনি এমপি হতে পারেননি বলে এ এলাকার উন্নয়ন যেন থেমে না থাকে সেদিকে খেয়াল রাখার জন্য মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে অনুরোধ করেন।
সংশ্লিষ্টরা জানান, মধুমতী নদী থেকে বারাশিয়া নদী পর্যন্ত এই সংযোগ খালটি খননের ফলে লংকারচর, গুলিরচর এবং কান্দাকুল এলাকার শত শত একর জমি চাষাবাদের আওতায় আসবে। একইসঙ্গে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে, যা স্থানীয় ফসল রক্ষায় বড় ভূমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) শিব্বির আহমেদ, বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা সার্কেল মো. আজম খান, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।