
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির পাইকগাছা জোনাল অফিস বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে দেবজ্যোতি নামে এক যুবক। বিদ্যুৎের ভয়াবহ লোডশেডিং কে কেন্দ্র করে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অঞ্জন কুমার সরকার কে মোবাইলে হুমকি দিলে পুলিশ তাকে আটক করে। পরে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
একদিকে প্রচন্ড ভ্যাপসা গরম অন্যদিকে চলছে পল্লী বিদ্যুৎ সমিতির ভয়াবহ লোডশেডিং। গরমের মধ্যে বিদ্যুৎের লোডশেডিং মানুষকে মন মেজাজ কে আরো বেশি গরম এবং উত্তপ্ত করে তুলেছে। এমন পরিস্থিতিতে বিপাকে রয়েছেন জনসাধারণ এবং পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ। সাধারণ মানুষ যে যেভাবে পারছে পল্লী বিদ্যুৎ সমিতিকে কটুক্তি এবং সমালোচনা করছেন।
২৪ এপ্রিল শনিবার বিকাল ৩ টার দিকে দেবজ্যোতি নামে এক যুবক পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অঞ্জন কুমার সরকার কে মুঠোফোনে জোনাল অফিস বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়। বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতি থেকে থানা পুলিশ কে অবহিত করলে পুলিশ ওইদিন রাত ৯ টার দিকে ওই যুবক কে আটক করে। আটক যুবক পৌরসভার ৪নং ওয়ার্ড সরল গ্রামের বাসিন্দা।
২৫ এপ্রিল রোববার সকালে মুচলেকা দিয়ে আটক যুবক দেবজ্যোতি কে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম কিবরিয়া। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অঞ্জন কুমার সরকার। তিনি বলেন চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে। এখানে আমাদের তেমন কিছুই করার নাই। তিনি সকল কে ধৈর্য ধারণ করে বিষয় টি স্বাভাবিক ভাবে নেওয়ার জন্য অনুরোধ করেছেন।


