
এস এ বিপ্লব, স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী রেঞ্জের সেপ্টেম্বর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কার্যক্রমে রাজশাহী রেঞ্জের ৮টি জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে নওগাঁ জেলা পুলিশ। একই সাথে চমৎকার নেতৃত্ব ও সফলতার স্বীকৃতিস্বরূপ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) হিসেবে নির্বাচিত হয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।সোমবার (১২ অক্টোবর) সকাল ১১-০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর ‘পদ্মা সম্মেলন কক্ষে’ আয়োজিত সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ফলাফল ঘোষণা করা হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ, পিপিএম।সভার প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায়, রেঞ্জাধীন জেলাগুলোর সামগ্রিক অপরাধ পরিস্থিতি, স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি, মাদকবিরোধী অভিযান, মুলতবি গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের সার্বিক সূচক পর্যালোচনা করা হয়। অভিন্ন মানদণ্ডে সবকটি ক্যাটাগরিতে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় নওগাঁ জেলা পুলিশকে রেঞ্জের সেরা জেলা হিসেবে ঘোষণা করা হয় এবং এসপি মোহাম্মদ তারিকুল ইসলামের হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
এই অসামান্য অর্জনে সন্তোষ প্রকাশ করে নওগাঁর পুলিশ সুপার জানান, “এই গৌরব ও সম্মান অর্জন নওগাঁ জেলা পুলিশের প্রতিটি সদস্যের সার্বক্ষণিক পরিশ্রম, পেশাদারিত্ব ও অপরাধ প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার ফসল। পাশাপাশি নওগাঁর সর্বস্তরের সাধারণ জনগণের নিরবচ্ছিন্ন সহযোগিতা ও ভালোবাসার কারণেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।”গুরুত্বপূর্ণ এই অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহী আরআরএফ-এর কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), পিবিআই রাজশাহী বিভাগের অ্যাডিশনাল ডিআইজি, রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারগণ এবং পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


