বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ঝালকাঠি পৌর মিনি পার্ক সংলগ্ন সুগন্ধা নদীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।সকাল থেকে অনবরত বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে কর্মসূচি সফল করেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন।প্রধান অতিথি অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, “বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির অন্যতম অঙ্গীকার। নদী, পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষার মতো জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের পাশে থাকতে চাই।”জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুধু রাজনৈতিক আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সম্পৃক্ত পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় আমাদের নেতাকর্মীরা সবসময় ভূমিকা রাখবে।”জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে জনগণের কল্যাণে বিএনপি মাঠে সক্রিয় রয়েছে। সুগন্ধা নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”কর্মসূচিতে সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এসএম এজাজ হাসান, নলছিটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিনসহ জেলা বিএনপি, সদর উপজেলা ও পৌর বিএনপি, নলছিটি উপজেলা ও পৌর বিএনপি, জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদ বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে সুগন্ধা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।