ভোলা প্রতিনিধি:
ভোলায় যুবলীগ নেতা ভাইয়ের ক্ষমতার দাপটে বেপরোয়া হয়ে উঠেছেন এক ব্যক্তি। ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের শেরে বাংলা বাজার সংলগ্ম এলাকায় এক দিনমজুরের ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাহ কামালের ভাই সাহ জামালের বিরুদ্ধে।
গত ১৬ জুন রাতে এ ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী শিশুটি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ জুন রাতে দিনমজুরের শিশু কন্যাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় সাহ জামাল।
পরবর্তীতে শিশুটির পরিবার বিষয়টি টের পেলে ঘটনাটি জানাজানি হয়। বর্তমানে শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্তের ভাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাহ কামালের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল মাঠে নেমেছে বলে অভিযোগ উঠেছে।
লোকমুখে জানাজানি ও আইনি ঝামেলা এড়াতে ভুক্তভোগী অসহায় পরিবারটিকে নানাভাবে চাপ প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে জানা গেছে। যুবলীগ নেতার রাজনৈতিক প্রভাবের কারণে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019