প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৬, ১০:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
বগুড়ায় পার্লার মালিকের সংবাদ সম্মেলন: ‘সাজানো নাটক ও অপপ্রচারের’ প্রতিবাদ

এমন,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলার ‘সনি’স বিউটি পার্লার অ্যান্ড ফ্যাশন হাউস’-এর স্বত্বাধিকারী সোনিয়া আক্তার তার প্রতিষ্ঠান, পরিবার ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ছড়ানো মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। রবিবার বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি দাবি করেন, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে একটি পক্ষ পরিকল্পিতভাবে নিজেদের ঘরবাড়ি ও হ্যাচারিতে ভাঙচুর চালিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে।
লিখিত বক্তব্যে সোনিয়া আক্তার জানান, গত বছরের ৮ ডিসেম্বর তার প্রতিবেশী মিজানুর রহমান তার স্ত্রী ও ভাবীকে নিয়ে তার পার্লারে আসেন। সেখানে তারা ৫ হাজার ২০০ টাকার বিভিন্ন রূপচর্চামূলক সেবা গ্রহণ করেন। প্রতিবেশী হওয়ায় তাৎক্ষণিক অর্থ পরিশোধ না করে পরে দেওয়ার আশ্বাস দিলেও দীর্ঘদিন ধরে পাওনা টাকা পরিশোধে নানা অজুহাত দেখাতে থাকেন মিজানুর রহমান।
তিনি আরও বলেন, গত ৯ জুন বকেয়া প্রায় ৫ হাজার টাকা চাইতে গেলে মিজানুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হলে তিনি সেখান থেকে চলে আসেন। পরে নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে একই দিনে শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৫৮৫, তারিখ: ০৯/০৬/২০২৬) দায়ের করেন।
সংবাদ সম্মেলনে সোনিয়া আক্তার অভিযোগ করেন, ঘটনার দুই দিন পর গত ১১ জুন তিনি তার শিশু সন্তান মুয়াজকে নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাকে পথরোধ করে আবারও গালিগালাজ করে। পরবর্তীতে তারা নিজেদের মধ্যে যোগসাজশে বাড়ি ও হ্যাচারিতে ভাঙচুর চালিয়ে সেই ঘটনার দায় তার ওপর চাপানোর চেষ্টা করে। একই সঙ্গে কিছু সংবাদকর্মীকে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব চ্যানেল ও স্থানীয় কয়েকটি গণমাধ্যমে তার বিরুদ্ধে সংবাদ প্রচার করা হয় বলে দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে যে আমি ভোর ৪টায় তাদের বাড়িতে গিয়ে নাশকতা চালিয়েছি। এমনকি অভিযোগ করা হয়েছে, আমি নাকি কোলে শিশু সন্তান নিয়ে তাদের বাড়ি ও হ্যাচারিতে ভাঙচুর করেছি। বাস্তবতা বিবেচনা করলে এমন দাবি কতটা অযৌক্তিক, তা সহজেই বোঝা যায়। একটি সত্য গোপন করতে তারা একের পর এক মিথ্যা তথ্য ছড়াচ্ছে।”
নিজের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে সোনিয়া আক্তার বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি একজন গৃহিণী ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা হিসেবে দীর্ঘদিন ধরে সৌন্দর্যসেবা খাতে কাজ করে আসছেন। তাকে ঘিরে ‘হিপনোটাইজ’ বা অলৌকিক প্রভাব বিস্তারের মতো যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকর বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া আম্বিয়া নামের এক নারীর দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে সোনিয়া আক্তার বলেন, পূর্বের জমিজমা ও বাঁশঝাড়সংক্রান্ত বিরোধের জের ধরে ওই নারী তার বিরুদ্ধে অপপ্রচারে অংশ নিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি কোনো সংবাদ প্রকাশ বা প্রচারের আগে তথ্যের সত্যতা যাচাই করার আহ্বান জানান। একই সঙ্গে নিজের, স্বামী ও শিশু সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে তার পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019
ই-পেপার