এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম গাঁজা ও ৪ লিটার চোলাইমদসহ ৩ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন - আফাজুল মণ্ডল (৫০), পিতা: মোঃ গফুর মণ্ডল, গ্রাম: পারকোয়ালীয়া, রায়কালী, জেলা: নওগাঁ; মোঃ শাহিন ফকির (৫০), পিতা: মোঃ মোকছেদ ফকির, গ্রাম: লক্ষণ কুঁড়ি, উপজেলা: আদমদীঘি, জেলা: বগুড়া এবং মোঃ মিলন পাহান (৩২), পিতা: কালাচান পাহান, গ্রাম: পূর্ব আব্দুল্লাপুর, উপজেলা: আক্কেলপুর, জেলা: জয়পুরহাট।
জানা গেছে, বৃহস্পতিবার (১১ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৪ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে বিচার শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দুই আসামিকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং অপর এক আসামিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019