এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার সোনাতলা উপজেলার বাঙালি নদীতে গোসল করতে নেমে পানির তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হওয়া স্কুলছাত্র তীর্থ সাহা (১৭)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ জুন ২০২৬) সকাল ৭টার দিকে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর উপজেলার আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
নিহত তীর্থ সাহা উপজেলার নতুন বন্দর এলাকার বাসিন্দা এবং দীপক সাহার ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে মধুপুর ইউনিয়নের আড়িয়াঘাট এলাকায় বাঙালি নদীতে গোসল করতে নামে তীর্থ। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে পড়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু হয়।
খবর পেয়ে সোনাতলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। রাত হয়ে যাওয়ায় এবং নদীর স্রোত বেশি থাকায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়।
শনিবার ভোরে পুনরায় অভিযান শুরু করলে সকাল ৭টার দিকে আড়িয়াঘাট ব্রিজের নিচে নদীর পানিতে ভাসমান অবস্থায় তীর্থের মরদেহ দেখতে পান উদ্ধারকারীরা। পরে মরদেহটি উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
সোনাতলা ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, নদীতে পানির প্রবল স্রোত থাকায় উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে ডুবুরি দলের সহায়তায় মরদেহ দ্রুত শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী তীর্থের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি বর্ষা মৌসুমে নদী-নালায় গোসল বা সাঁতার কাটার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019