এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়ার ঐতিহাসিক মহাস্থান হযরত শাহ সুলতান বলখী (রহ.) মাজার মসজিদে মিলাদ, দোয়া মাহফিল ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ মে ২০২৬) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং পরে মাজার প্রাঙ্গণে উপস্থিত হাজারো অসহায়, দুস্থ ও পথশিশুর মাঝে খাবার বিতরণ করেন।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশের সার্বিক কল্যাণ ও সরকারের সফলতা কামনা করা হয়।
খাবার বিতরণকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এ দেশের সাধারণ মানুষের নেতা। তিনি সবসময় ভাগ্যবিড়ম্বিত ও মেহনতি মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর আদর্শ ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের একজন মানুষও যেন অনাহারে না থাকে, সে লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমরা শুধু তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি না, বরং তাঁর উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতির আদর্শ ধারণ করে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার করছি। মহাস্থান মাজার প্রাঙ্গণে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাঁর মানবকল্যাণমুখী দর্শনেরই প্রতিফলন।”
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, মাজার কমিটির প্রতিনিধি এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে মাজারসংলগ্ন এলাকায় হাজারো দুস্থ ও অসহায় মানুষের মাঝে উন্নতমানের রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করা হয়। খাবার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019