হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধিঃ
লক্ষীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের ২নং ওয়ার্ড পশ্চিম বালুরচর সোনালী গ্রামে অবস্থিত ঝারিরধন মাছ ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গভীর রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ৮টি দোকান ও একটি মসজিদ পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ী ও ঘর মালিকদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় অল্প সময়ের মধ্যেই দোকানগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে নগদ টাকা, ব্যবসার মালামাল, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ অনেক কিছু পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তদের মধ্যে পাটোয়ারী হোটেলের মালিক আবু তাহেরের প্রায় ৬ লাখ টাকা, সিফন স্টোরের প্রায় ৮ লাখ টাকা, গনি মাঝির প্রায় ৮ লাখ টাকা, নিরব পিটারের প্রায় ৫ লাখ টাকা, জহির মিয়ার প্রায় ৯ লাখ টাকা, ইকবাল পিটারের প্রায় ৮ লাখ টাকা, আজগর মিয়ার প্রায় ৯ লাখ ৪০ হাজার টাকা, আওলাদ মিয়ার প্রায় ৩ লাখ টাকা এবং আমজাদ হোসেনের প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এছাড়াও ঝারিরধন মাছ ঘাট জামে মসজিদের বেশিরভাগ অংশ, পানির ট্যাংক ও মোটর পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ বিরাজ করছে। অনেকেই তাদের জীবনের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
এ বিষয়ে ঝারিরধন মাছ ঘাটের সভাপতি মনির হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকদের সহায়তার জন্য স্থানীয় এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অনুদানের আবেদন করা হবে। তিনি দ্রুত সরকারি সহায়তা প্রদানের দাবি জানান।
স্থানীয়দের দাবি, দ্রুত ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019