মোঃ নুরুদ্দিন ,ভোলা প্রতিনিধি।
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির বর্জ্য যথাযথ ও পরিবেশসম্মতভাবে অপসারণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে যুব সংগঠন সহায়তার হাত ফাউন্ডেশন।
সহায়তার হাত ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবীরা ভোলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, আবাসিক এলাকা ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। লিফলেটে কুরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা, দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ড্রেন ও জলাশয়ে বর্জ্য না ফেলা, দুর্গন্ধ ও পরিবেশ দূষণ রোধে জীবাণুনাশক ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহায়তার হাত ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ বাপ্পি,সাধারণ সম্পাদক নুশরাত জাহান ছাদিয়া, মহিলা বিষয়ক সম্পাদক নুপুর।
সহায়তার হাত ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ বাপ্পি বলেন, 'ঈদের আনন্দ সবার জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব ঈদ উদযাপনে একসাথে কাজ করি।'
সহায়তার হাত ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক নুশরাত জাহান ছাদিয়া বলেন, 'পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কুরবানির বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা অত্যন্ত জরুরি। নাগরিকদের সামান্য সচেতনতা একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য শহর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।'
তিনি আরও বলেন, 'যুব ও সামাজিক সংগঠন সহায়তার হাত ফাউন্ডেশন সবসময় সমাজের কল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রমে কাজ করে যাচ্ছে। তরুণদের অংশগ্রহণে পরিচালিত এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করবে এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।'
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019