এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
নবগঠিত মোকামতলা উপজেলা ঘোষণার খবরে আনন্দ-উল্লাসে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যান্ড পার্টি, আতশবাজি, পটকা ফুটানো ও আনন্দমিছিলে সরগরম হয়ে ওঠে মোকামতলা বন্দরসহ আশপাশের জনপদ।
শুক্রবার (৮ মে ২০২৬) বিকেল ৫টায় মোকামতলা বন্দরে হাজারো মানুষের অংশগ্রহণে এক বিশাল আনন্দমিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার।
এ সময় এলাকাবাসী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের দাবি, প্রতিমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা ও ধারাবাহিক উদ্যোগের ফলেই বহু প্রতীক্ষিত মোকামতলা উপজেলা বাস্তবায়নের পথ সুগম হয়েছে।
উপজেলা ঘোষণার সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই দিনভর বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, দোয়া মাহফিল ও আনন্দমিছিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর আতশবাজির ঝলকানিতে উৎসবের আমেজ আরও বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা বলেন, মোকামতলাকে উপজেলা হিসেবে ঘোষণা করায় প্রশাসনিক সেবা এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। এতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সুবিধার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019