প্রিন্ট এর তারিখঃ জুন ৭, ২০২৬, ৭:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
ক্লিনারদের টাকা ‘হরিলুট’, কঠোর হুঁশিয়ারি বিসিবি সভাপতির

আকাশ দাশ সৈকত
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দায়িত্বরত পরিচ্ছন্নতাকর্মীদের (ক্লিনার) পারিশ্রমিক নিয়ে দুর্নীতির প্রমাণ পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। যারা এই অর্থ আত্মসাৎ করছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সাবেক এই দেশসেরা ওপেনার।
ঘটনার সূত্রপাত হয় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের দিন। স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে বাথরুমের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে বিসিবি সভাপতি কারণ জানতে চান। সেই সময়ই বেরিয়ে আসে নেপথ্যের চাঞ্চল্যকর তথ্য। এক ক্লিনার দৈনিক পারিশ্রমিক ৩০০ টাকা থেকে বাড়ানোর আবেদন করলে জানা যায়, তাদের জন্য বিসিবি থেকে বরাদ্দ ৫০০ টাকা হলেও হাতে পান নামমাত্র অংশ। এমনকি কৌশলে তাদের ওভারটাইমের টাকাও হাতিয়ে নেওয়া হচ্ছে।
সোমবার (৪ মে) রাজধানীর বসুন্ধরায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই দুর্নীতির চিত্র তুলে ধরেন তামিম ইকবাল। তিনি বলেন, 'যা শুনেছি, তা খুবই শকিং। বিসিবিতে এমন কিছু হয় জানতাম, তবে দুর্নীতির গভীরতা যে এতটা, তা ধারণার বাইরে ছিল। নিয়ম অনুযায়ী, সিরিজ চলাকালীন বিসিবি থার্ড পার্টির মাধ্যমে ক্লিনিং সেবা নেয়। টেন্ডার পাওয়া কোম্পানি লোক দেওয়ার কথা থাকলেও দেখা যাচ্ছে বিসিবিরই কিছু লোক সেখানে কর্মী সরবরাহ করছে। কোম্পানি সেই টাকা দিচ্ছে বিসিবির নির্দিষ্ট কয়েকজনকে, আর তারা নিজেদের লভ্যাংশ রেখে ক্লিনারদের হাতে ধরিয়ে দিচ্ছে সামান্য কিছু টাকা।'
তামিম আরও যোগ করেন, 'আমি কোম্পানিকে জিজ্ঞেস করেছি কেন ৫০০ টাকা দেওয়া হয় না। তারা জানিয়েছে, তারা ৫০০ টাকাই দিচ্ছে, কিন্তু সেই টাকা যাচ্ছে বিসিবির অমুক ব্যক্তির কাছে। এরপর সেই ব্যক্তি ক্লিনারদের মাত্র ৩০০ টাকা করে দিচ্ছে।'
এই অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়ে বিসিবি সভাপতি জানান, এখন থেকে টেন্ডার পাওয়া প্রতিষ্ঠানকে সরাসরি ক্লিনারদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে। সেই লেনদেনের প্রমাণ দেখালেই কেবল বিসিবি থেকে বিল পাস করা হবে। ক্ষুব্ধ কণ্ঠে তামিম বলেন, 'যাদের দৈনিক আয় ৩০০-৪০০ টাকা, তাদের টাকাও চুরি করতে হবে? এটা পুরোপুরি অগ্রহণযোগ্য। নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চুক্তি বাতিল তো হবেই, সাথে তাদের ব্ল্যাকলিস্ট (কালো তালিকাভুক্ত) করা হবে যেন ভবিষ্যতে তারা বিসিবির কোনো কাজে অংশ নিতে না পারে।'
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019
ই-পেপার