এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার গাবতলী উপজেলায় আব্দুর রহমান মন্ডল (রঞ্জু) নামে এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় একজন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের দড়িপাড়া গ্রামের এসবি ইটভাটার পাশের পাকা সড়ক দিয়ে গত ৩ এপ্রিল সন্ধ্যায় ৬টি ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন আব্দুর রহমান মন্ডল (৫৯)। এসময় একটি সাদা প্রাইভেটকারে করে এসে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে।
অপহরণকারীরা হলো— মিনহাজুল ইসলাম (২৪), পিতা জামাল উদ্দিন, বাড়ি কুটামুহিন; রোহান (৩০) ও জাহিদ (২৯), উভয়ের ঠিকানা বনানী লেবুর বাগান (পিতার নাম অজ্ঞাত); এবং আল আমিন (২৮), পিতা চান মিয়া, বাড়ি ফুলদিঘী, শাহজাহানপুর, বগুড়া।
তারা ভিকটিমকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নিয়ে মুখ ও চোখ বেঁধে নশিপুর ইউনিয়নের একটি অজ্ঞাত বাসায় আটকে রাখে। সেখানে তাকে মারধর করা হয় এবং তার মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের কাছে ২ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ঘটনাটি জানাজানি হলে ভিকটিমের পরিবার গাবতলী মডেল থানায় যোগাযোগ করে। পরে পুলিশ গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ভিকটিমকে ছোট ইতালি গ্রামের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায় এবং পুনরায় মারধর করে। পরে ওইদিন রাত ৮টার দিকে ইতালি বাজার এলাকায় স্থান পরিবর্তনের সময় পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং মিনহাজুল ইসলামকে গ্রেফতার করে। এসময় অন্য আসামিরা পালিয়ে যায়।
এ ঘটনায় গাবতলী থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019