এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটিয়ে অবশেষে একটি দুর্ঘটনাপ্রবণ ইউটার্ন স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। কবরস্থান সংলগ্ন এই ইউটার্নটি দীর্ঘদিন ধরে ছোট-বড় অসংখ্য সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছিল, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছিল।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে মির্জাপুর বাজার এলাকায় এই ঝুঁকিপূর্ণ ইউটার্নটি বন্ধের কাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, ইউটার্নটি খোলা থাকায় অনিয়ন্ত্রিতভাবে যানবাহন চলাচল করত, ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটত এবং একাধিক ক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “প্রতিদিন এই স্থান দিয়ে চলাচল ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইউটার্নটি বন্ধ হওয়ায় আমরা এখন কিছুটা স্বস্তি অনুভব করছি।”
নতুন ব্যবস্থাপনা অনুযায়ী, যানবাহনগুলো ফ্লাইওভার ব্যবহার করে পারাপার করবে এবং পথচারীরা ফুটওভার ব্রিজের মাধ্যমে সড়ক পারাপার হবে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইচ উদ্দিন বলেন, “জনসাধারণের দাবি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই ইউটার্নটি বন্ধ করা হয়েছে। এতে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমবে বলে আমরা আশা করছি।”
তিনি আরও জানান, নাবিল হাইওয়ে সড়কের আরও একটি ঝুঁকিপূর্ণ ইউটার্ন ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল পরিদর্শন করেছে এবং শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনগণ। তাদের প্রত্যাশা, এ ধরনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে শেরপুরের সড়কগুলো আরও নিরাপদ হয়ে উঠবে।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019