প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তাই করেন—শিক্ষামন্ত্রী
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ৩,১৪৭ জন কৃষক-কৃষাণী পেলেন কৃষক কার্ড ও গাছের চারা।নির্বাচনী আরেকটি অঙ্গীকার বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দেশের ১৪টি উপজেলায় ২২ হাজার কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডের ৩,১৪৭ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়। একই সঙ্গে প্রত্যেক কৃষকের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) উপজেলা উথলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কথার চেয়ে কাজে বিশ্বাসী—তিনি যা বলেন, তা বাস্তবায়ন করেন। আজ কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতির আরেকটি বাস্তব প্রমাণ মিলেছে।” তিনি আরও বলেন, কৃষকদের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। কৃষক কার্ডের মাধ্যমে প্রণোদনা, ভর্তুকি ও প্রয়োজনীয় সহায়তা সহজেই কৃষকদের কাছে পৌঁছাবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী, এলজিআরডি প্রতিমন্ত্রী এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
জানা গেছে, মোট ৩,৫১৬ জন কৃষককে বাছাই করা হলেও প্রথম ধাপে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র—এই তিন শ্রেণির ৩,১৪৭ জন কৃষকের অ্যাকাউন্টে ২,৫০০ টাকা করে প্রণোদনা দেওয়া হয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণসহ বিভিন্ন সরকারি সুবিধা পাবেন।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019