কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অবস্থিত একটি মাজারে ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মাজারের প্রধান ও পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) গভীর উদ্বেগ প্রকাশ করছে। আমরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ ঘটনা দেশের প্রচলিত আইন ও মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন। আইন নিজের হাতে তুলে নেওয়া, মাজারে হামলা ও অগ্নিসংযোগ এবং একজন ব্যক্তিকে হত্যা করা—সবই গুরুতর অপরাধ। এর মাধ্যমে দেশের বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্টের একটি গভীর ষড়যন্ত্র থাকতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওকে কেন্দ্র করে নিহত পীরের বিরুদ্ধে ধর্ম নিয়ে কটাক্ষের অভিযোগ ওঠে। তবে প্রশাসনের কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপের অভাব পরিস্থিতিকে ভয়াবহ রূপ দিয়েছে। কয়েকটি গণমাধ্যমের অনুসন্ধানে দেখা গেছে, এ ঘটনায় একটি রাজনৈতিক দলের স্থানীয় কিছু নেতার ইন্ধন রয়েছে। ওই রাজনৈতিক নেতাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরি।
আমরা মনে করি, এটি স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য একটি ‘অ্যাসিড টেস্ট’। তার সাংবিধানিক বিতর্কের দক্ষতার চেয়ে মানুষের জানমাল রক্ষার সক্ষমতা অধিক গুরুত্বপূর্ণ।
জেডিপি সরকারের কাছে এই হামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি জানাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানাচ্ছে জেডিপি।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019