এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে পোস্টাল ব্যালট বাদে ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ আসনের ১৫০টি কেন্দ্রে ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। দুপুর ২টা পর্যন্ত ভোটের হার ছিল ২৯ দশমিক ৬৭ শতাংশ। সে তুলনায় শেষ আড়াই ঘণ্টায় ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো. জায়েদ ইবনে আবুল ফজল সই করা প্রতিবেদনে জানানো হয়েছে, নির্বাচনি এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল। কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা রক্ষায় জেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি র্যাব, বিজিবি এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী নিয়োজিত ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক টহল দিয়েছেন।
বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রগুলোতে এখন গণনার কাজ চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডাকযোগে আসা পোস্টাল ব্যালটগুলো গণনায় যুক্ত হলে চূড়ান্ত ভোটের হার সামান্য পরিবর্তন হতে পারে।।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019