প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬, ৮:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
নওগাঁয় চাঞ্চল্যকর ৩৪ লক্ষ টাকা ছিনতাইয়ের মূল হোতাসহ গ্রেফতার-৬

এস এ বিপ্লব, স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর রানীনগর উপজেলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর চাঞ্চল্যকর ৩৪ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনার মূল রহস্য উদ্ঘাটন।পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে এ ঘটনায় জড়িত ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত ১টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, ১টি আইফোনসহ মোট ৭টি মোবাইল ফোন এবং ছিনতাইকৃত অর্থের মধ্যে ১ লক্ষ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়।।পুলিশ সূত্রানুযায়ী জানা যায়, গত মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ার মোঃ নাজমুল ইসলাম ও অফিস সহায়ক মোঃ রাসেল আদিমদিঘী রেলগেট থেকে মালিক ফিরোজ হোসেনের ৩৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে আবাদপুকুর অফিসের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে রানীনগর থানাধীন পারইল লস্করের মোড় পার হয়ে বাংলালিংক টাওয়ারের নিকট পৌঁছালে একটি মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা তাদের পথরোধ করে এবং পরবর্তীতে লোহার রড দিয়ে মারধর করে নগদ ৩৪ লক্ষ টাকা ছিনিয়ে পালিয়ে যায়।ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি গুরুত্ব সহকারে তাৎক্ষণিক রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন এবং পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রানীনগর থানা পুলিশের একটি চৌকস দলকেও দ্বায়িত্ব দান।পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার রাতেই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রানীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেন এবং মোটরসাইকেলের মালিক রাব্বি আলীকে গ্রেপ্তার করেন।পরবর্তী সময়ে গত বুধবার (৭ অক্টোবর) রাতে পুলিশ সুপারের তত্ত্বাবধানে ডিবির একটি বিশেষ দল জয়পুরহাটের আক্কেলপুর ও দিনাজপুরের নবাবগঞ্জ থানা এলাকায় অভিযান চালায়। এ সময় ছিনতাইয়ের সঙ্গে জড়িত স্বপন (২৮), পিতা- আব্দুল জব্বার ও হাসান আলী (২৫), পিতা- ওয়াজেদ আলী, (উভয়ের গ্রাম- বিশিয়া, রাণীনগর) কে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত অর্থের ১ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করেন।এরপর গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রানীনগর এলাকায় অভিযান চালিয়ে এজেন্ট ব্যাংকের তিন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। তারা হলেন- অফিস সহায়ক ও সাজানো ভিকটিম রাসেল বাবু (২২), লোন কর্মকর্তা সুজন (২৭) এবং লোন কর্মকর্তা আবু তালেব (২২)।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে সকল তথ্য। তাদের তথ্যানুযায়ী জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যাংক কর্মচারী রাসেল, সুজন ও আবু তালেব বেশ কিছুদিন ধরে অনলাইনে জুয়া খেলে ৭ থেকে ৮ লক্ষ টাকা হেরে যান। গ্রাহকদের টাকা জমা না দিয়ে তারা জুয়া খেলেন। পরবর্তীতে তারা এজেন্ট ব্যাংক মালিক ফিরোজ হোসেনের টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করেন।প্রায় ১মাস ধরে এই পরিকল্পনা চলে। ঘটনার দিন অফিস সহায়ক রাসেল বাবু ক্যাশিয়ার নাজমুলকে সঙ্গে নিয়ে টাকা আনতে যান এবং টাকা নিয়ে ফেরার সময় সার্বক্ষণিক অবস্থান জানাতে থাকেন ছিনতাইকারী স্বপন ও হাসানকে। ঘটনাস্থলে পৌঁছানোমাত্র স্বপন ও হাসান হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেয়। এ সময় প্রকৃত ভিকটিম ক্যাশিয়ার নাজমুলকে লোহার পাইপ দিয়ে বেদম মারধর করে, আর টাকা বহনকারী রাসেল বাবু সাজেন মিথ্যা ভিকটিম। পরিকল্পনা অনুযায়ী ৩৪ লক্ষ টাকার মধ্যে ব্যাংকের ওই তিনজনকে ১০ লাখ টাকা এবং বাকি টাকা অন্য ছিনতাইকারীদের মধ্যে ভাগ করে নেওয়ার কথা ছিল। প্রাথমিক অবস্থায় স্বপন ও হাসানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে দ্রুত নওগাঁ ছেড়ে পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
এবিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতার এবং বাকি টাকা উদ্ধারে জেলা পুলিশের বিশেষ অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019
ই-পেপার