এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার সাতমাথা এলাকায় নির্মাণাধীন একটি ড্রেনের মাটি খননের সময় ৩৩৪টি গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট ২০২৬) বেলা ১১টার দিকে বগুড়া জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকা থেকে এসব গুলি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণের জন্য সকালে শ্রমিকরা খননকাজ শুরু করেন। একপর্যায়ে ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশের মাটির ভেতর ধাতব ধরনের কিছু বস্তু দেখতে পান এক শ্রমিক। বিষয়টি অন্য শ্রমিকদের জানালে তারা মাটি সরিয়ে বেশ কিছু গুলির কার্তুজ দেখতে পান। পরে খবর দেওয়া হয় বগুড়া সদর থানায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটির ভেতর থেকে গুলিগুলো উদ্ধার করে। পরে গণনা করে মোট ৩৩৪টি গুলি পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী বলেন, নির্মাণকাজের সময় শ্রমিকরা মাটির নিচে গুলিগুলো দেখতে পান। উদ্ধার হওয়া গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের, নাকি ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় বগুড়া সদর থানা থেকে লুট হওয়া অস্ত্রের গুলি- তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।তিনি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা ও যাচাই শেষে গুলিগুলোর উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019