প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৬, ৪:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
বগুড়া শেরপুরে কোয়ালিটি ফিডের বিরুদ্ধে মানববন্ধন, সড়কে পানি ও যানজটে ক্ষুব্ধ এলাকাবাসী

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শেরপুরে কোয়ালিটি ফিড কোম্পানি লিমিটেডের কারখানাকেন্দ্রিক বিভিন্ন অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। কারখানার ভারী যানবাহন সড়কে অপরিকল্পিতভাবে দাঁড়িয়ে থাকা, কারখানা থেকে সড়কে পানি গড়িয়ে পড়া এবং এর ফলে সৃষ্ট যানজটে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মাগুরগাড়ি তালপট্টি এলাকায় কারখানার প্রধান ফটকের সামনে সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয়রা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। এ সময় ‘জনভোগান্তি বন্ধ করো, রাস্তায় অবৈধ পার্কিং দূর করো’, ‘রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে যায় কেন? প্রশাসন জবাব চাই’ এবং ‘জনসাধারণের যাতায়াত সহজ করো, সড়কের ওপর যানজট নিরসন করো’—এমন নানা স্লোগান দেন তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা শিলু মিয়া, সিহাব হোসেন, আব্দুল মোমিন, আসাদুল ইসলাম মঞ্জু, মোতাহার হোসেন, সুলতান মাহমুদ ও নিজাম উদ্দিন।
বক্তারা বলেন, কারখানায় কাঁচামাল আনা এবং উৎপাদিত পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ভারী ট্রাকসহ বিভিন্ন যানবাহন প্রায়ই প্রধান সড়কের ওপর দীর্ঘ সময় অবস্থান করে। এতে সড়কের স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে ব্যস্ত সময়ে পথচারী ও ছোট যানবাহনগুলোকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
তাদের আরও অভিযোগ, কারখানা থেকে পানি সড়কের ওপর গড়িয়ে পড়ায় রাস্তার পরিবেশ নষ্ট হচ্ছে। পানি ও কাদার কারণে পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় যানবাহন চালকদের দুর্ভোগ বাড়ছে। দীর্ঘ যানজটের কারণে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও অনেক সময় আটকা পড়ে বলে দাবি করেন স্থানীয়রা।
এলাকাবাসীর ভাষ্য, সমস্যাগুলো দীর্ঘদিনের হলেও এখন পর্যন্ত স্থায়ীভাবে সমাধানের উদ্যোগ দৃশ্যমান নয়। ফলে প্রতিদিনই স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
মানববন্ধন থেকে কারখানার সামনে সড়কে ভারী যানবাহনের অপরিকল্পিত অবস্থান বন্ধ, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।
স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার বিষয়েও তারা বিবেচনা করবেন।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019
ই-পেপার