মাদক কারবারের অভিযোগে রাজধানী থেকে মো. শফিকুল ইসলাম নামে এক এ,এস,আইসহ দু’জনকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেপ্তাররা হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার এ,এস,আই মো. শফিকুল ইসলাম (৪৩) ও ওয়াসিম (২৪)। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
দক্ষিণখান থানার এস,আই বখতিয়ার হোসেন জানান, মাদক বিক্রির গোপন সংবাদে রোববার রাতে রাজধানীর আজমপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওয়াসিমকে গ্রেপ্তারের পর তল্লাশি করলে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এ,এস,আই শফিকুলকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, তাদের দু’জনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। ওই অভিযানে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা জব্দ করা হয়। সবমিলিয়ে মোট ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দক্ষিণখান থানা এসআই শাহিনুর রহমান জানান, এ ঘটনায় সোমবার দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দু’জন ছাড়াও অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে। সবশেষ সোমবার আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে মামলার এজাহারে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা এনে রাজধানীর দক্ষিণখানসহ আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।
অন্যদিকে ঘটনার বিষয়ে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, এএসআই মো. শফিকুল ইসলাম এই থানায় অনিয়মিত হিসেবে দায়িতরত ছিলেন। তার গ্রেপ্তারের বিষয়টি আমরাও শুনেছি।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019