আবুল হাসানকোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ঝিনাইদহ অভিমুখে যাওয়া প্রধান সড়কটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সড়কটি অতিরিক্ত সরু হওয়ার কারণে এই রুটে প্রতিনিয়ত কোনো না কোনো যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। আজকেও (শনিবার) কুশনা বাজারের নিকটবর্তী শেরখালী এবং মোহনপুর মোড়ে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শেরখালী ও মোহনপুর মোড়ের মাঝামাঝি এলাকায় বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে একটি চাউল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাঁদে পড়ে যায়। অল্পের জন্য বড় ধরনের কোনো প্রাণহানি না ঘটলেও ট্রাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং চাল বোঝাই বস্তাগুলো রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় উৎসুক জনতা ও পথচারীরা ঘটনাস্থলে ভিড় জমান।
এলাকাবাসী ও নিয়মিত যাতায়াতকারী চালকদের অভিযোগ, কোটচাঁদপুর টু ঝিনাইদহ সড়কের কুশনা বাজার সংলগ্ন এই অংশটি অত্যন্ত সরু। দুটো বড় যানবাহন মুখোমুখি হলে একটিকে অপরটির জন্য জায়গা ছাড়তে গিয়ে রাস্তার নিচে নেমে যেতে হয়। পিচ ঢালাই রাস্তার দুই পাশের মাটি দেবে থাকায় গাড়ি খাঁদে বা খাদে পড়ে যাওয়ার ঘটনা এখানে নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক আখ্যা দিয়ে স্থানীয়রা জানান, এই সড়কটি দ্রুত প্রশস্ত করা না হলে যেকোনো সময় আরও বড় ধরনের রক্তক্ষয়ী দুর্ঘটনা ঘটতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটি দ্রুত সংস্কার ও প্রশস্ত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী ও চালক সমাজ।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019