প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৬, ১২:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
১৫ হাজার টাকার ভ্যাকসিন ফ্রি পেয়ে বেঁচে গেলেন পাঁচবিবির জীবন্নেছা

জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ
সরকারি হাসপাতালে বিনামূল্যে এন্টিভেনাম ভ্যাকসিন পেয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন পাঁচবিবির জীবন্নেছা বেগম(৬০)।
৮ জুলাই বুধবার সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের আটাপুর গ্রামে বিষধর সাপের কামড়ে আক্রান্ত হন তিনি। জীবন্নেছা ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, জীবন্নেছা সকালে হাত পাখা তৈরির জন্য বস্তার ভেতর থেকে কাপড় বের করার সময় লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার ডান হাতে কামড় দেয়। চিৎকার শুনে পরিবারের লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মহিপুরে নিয়ে আসেন।
কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত পরীক্ষা করে সাপে কাটা নিশ্চিত হয়ে তাকে এন্টিভেনাম ভ্যাকসিন প্রয়োগ করেন। সময়মতো চিকিৎসা পেয়ে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
জীবন্নেছার ছেলে আবু হোসেন বলেন, "দ্রুত হাসপাতালে নিয়ে আসায় ডাক্তাররা ভ্যাকসিন দিয়েছেন। উপজেলা পর্যায়ে ফ্রিতে এত ভালো সেবা পেয়ে আমার মা এখন সুস্থ। এজন্য সরকার ও ডাক্তারদের ধন্যবাদ জানাই।"
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুন কুমার পাল বলেন, "সকালে সাপে কাটা ওই রোগী আসলে পরীক্ষা করে এন্টিভেনাম দেয়া হয়। তিনি এখন মোটামুটি সুস্থ। এর আগেও ৪ জন সাপে কাটা রোগীকে এন্টিভেনাম দিয়ে সুস্থ করা হয়েছে।"
তিনি আরও জানান, এখানে কুকুর-বিড়ালের কামড়ের ফ্রি ভ্যাকসিনও দেয়া হয়। বন্ধের দিনসহ ২৪ ঘণ্টা এই সেবা চালু রয়েছে।
উল্লেখ্য, একজন সাপে কাটা রোগীর এন্টিভেনামের বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা। আর কুকুরে কামড়ের ভ্যাকসিনের দাম প্রায় ১৫০০ টাকা। যা সরকারিভাবে সম্পূর্ণ ফ্রি দেয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019
ই-পেপার