প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৬, ৩:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
বগুড়ার শেরপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত, আহত ১

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আবু সুফিয়ান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। গত বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রণবীরবালা এলাকায় বশির পাগলার মাজারের সামনে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সুফিয়ান উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামের শাহীন রানার ছেলে। আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুই যুবক একটি মোটরসাইকেলে করে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি পিকআপ ভ্যান ইউটার্ন নেওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। এতে আবু সুফিয়ান ঘটনাস্থলেই নিহত হন এবং অপর আরোহী গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী শরিফ জানান, পিকআপটি ইন্ডিকেটর দিয়ে ইউটার্ন নিচ্ছিল। তবে মোটরসাইকেলটি দ্রুতগতিতে থাকায় চালক আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। সংঘর্ষের পর পিকআপটি ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি শনাক্ত ও চালককে আইনের আওতায় আনতে কাজ চলছে।”
এদিকে, স্থানীয়দের দাবি, শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল এবং অসতর্কভাবে ইউটার্ন নেওয়ার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কটিতে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: এস আর নিরব। Office: ২০৫/৪, খান প্লাজা, (লিফটে ৭ রুম নং -৯ সি) ফকিরাপুল, কালভার্ট রোড, মতিঝিল, ঢাকা ১০০০, Mobil: 01713-086019
ই-পেপার