
রতন রায় :কুড়িগ্রাম প্রতিনিধি।
১১ জুন ২০২৬: কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ আজ রাজারহাট উপজেলা পরিদর্শন করেছেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকালে উপজেলায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক রাজারহাট থানা পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে তিনি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয় সফর করেন। সেখানে উপজেলা প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেবা প্রদান ব্যবস্থা ও চলমান সরকারি প্রকল্প সম্পর্কে অবহিত হন। সরকারি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ দেন।
এরপর জেলা প্রশাসক রাজারহাট উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। তিনি নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, অনলাইন সেবা এবং ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক যাচাই-বাছাই করেন। সেবাগ্রহীতাদের দ্রুত, হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি নাজিমখান ইউনিয়ন পরিষদ (ইউপি) পরিদর্শন করে স্থানীয় সরকারের সেবা কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও নাগরিক সেবার বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে ইউপি কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ দেন।
পরিদর্শনের চূড়ান্ত অংশে তিনি নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে শিক্ষার পরিবেশ, শ্রেণি কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা ও শিক্ষার্থীদের উপস্থিতি খতিয়ে দেখেন। শিক্ষার মানোন্নয়ন, পরিচ্ছন্ন ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সফর শেষে অন্নপূর্ণা দেবনাথ রাজারহাট উপজেলার জনসেবার মান আরও উন্নত করতে সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), রাজারহাট; সহকারী কমিশনার (ভূমি), রাজারহাট এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


